দূর থেকে কাউকে প্রতিনিয়ত ভালোবেসে যাওয়ার অনুভূতিটা বেশ অদ্ভুত। একপাশে অন্তহীন অপেক্ষা, আর অন্যপাশে এক অজানা শঙ্কা। মানুষের মন এক অদ্ভুত আয়না—সেখানে সে কাল্পনিক একটা প্রেম রাজ্য গড়ে তোলে। কিন্তু বাস্তবতার স্পর্শ না পেলে সেই ভালোবাসা একসময় রূপ নেয় কুয়াশায়, যা শুধু দৃষ্টি ঝাপসা করে, পথ দেখায় না।
তাই তো মনে হয়, মনে জমানো হাজারো অপ্রকাশিত অনুভূতির চেয়ে একটা সরাসরি রিজেকশনও বহু গুণে শ্রেয়। অনেকে মনে করে প্রত্যাখ্যাত হওয়া মানেই অন্তিম পরাজয়, একটা চরম ধাক্কা। কিন্তু সত্যটা অন্যরকম। স্পষ্ট একটা 'না' আপনাকে মুহূর্তেই বাস্তবতার জমিতে দাঁড় করিয়ে দেয়। সেই একপাক্ষিক কল্পনার রাজ্য ভেঙে যখন ভাঙা কাঁচের মতো সত্যটা সামনে আসে, তখন অন্তত আর কোনো বিভ্রান্তি থাকে না। মনের মধ্যে 'হলেও হতে পারত' টাইপের যে ধোঁয়াশা ছায়াময় হয়ে থাকে, তার অবসান ঘটে।
প্রত্যাখ্যানের একটা নিজস্ব ক্ষমতা আছে—তা আত্মউপলব্ধিকে গভীর করে। সত্যকে মেনে নিয়ে আবার নতুন করে দাঁড়ানোর নামই তো পরিপক্বতা। এতে নিজের ভেতরের যে শক্তি, নিজের যে মূল ভালোবাসা—তা আরও স্পষ্ট ও দৃঢ় হয়। প্রত্যাখ্যান মানেই অনুভূতির সমাপ্তি নয়। ভালোবাসা যদি নিঃস্বার্থ হয়, তবে একতরফা অবহেলা বা সাময়িক অমতে তা সহজে মুছে যায় না। অনেক সময় মনের দ্বিধা, সঠিক সময়ের অভাব কিংবা ভুল বোঝাবুঝির কারণে মানুষ প্রথম ধাক্কায় ভালোবাসাকে গ্রহণ করতে পারে না।
প্রত্যাখ্যানের পর ভালোবাসাকে পুনরায় উপলব্ধি করার সুযোগ দেওয়া উচিত। একে অপরকে নতুন করে জানার এবং আবেগের পরিপক্বতা প্রমাণের সময় দিলে অনেক ভুল সমীকরণ বদলে যায়। আঘাত পাওয়ার পরও যখন সম্মান ও অনুভূতির গভীরতা অটুট থাকে, তখন অপরপক্ষও বুঝতে পারে এটি কোনো ক্ষণিক মোহ ছিল না।
প্রকৃত ভালোবাসা শর্ত মেনে চলে না। তাই অতীতের অসম্মতি বা দূরত্বের দেয়াল ডিঙিয়ে একে অপরকে ভালোবাসার সুযোগ দেওয়ার ফলে শেষ পর্যন্ত সুন্দর সম্পর্কের সৃষ্টি করতে পারে।
সবচেয়ে বড় কথা, রিজেকশন সত্যের মুখোমুখি দাঁড় করায়। যদি ওপাশে ভালোবাসা না-ই থাকে, তবে তা যত দ্রুত বোঝা যায়, ততই মঙ্গল। মিছে আশার আলো নিয়ে বছরের পর বছর কাটিয়ে দেওয়ার চেয়ে এক নিমেষের বিচ্ছেদও অনেক বেশি সৎ। ভালোবাসা তো জোর করে পাওয়ার কিছু নয়; সেখানে দুজন মানুষের সমান অনুভূতির সম্মতি প্রয়োজন। যদি সেই বন্ধন অন্যপাশে না থাকে, তবে তা মেনে নেওয়ার মধ্য দিয়েই একজন মানুষের আত্মসম্মান টিকে থাকে।
সব অপ্রকাশিত অনুভূতির ওপর সত্যের জয় হোক। মনের কোণে কুয়াশা জমিয়ে রাখার চেয়ে সত্যের আলোয় দাঁড়িয়ে যেকোনো ফলাফল বেছে নেওয়ার সাহসিকতাই তো প্রকৃত প্রেমের পরিচয়!
আর হ্যাঁ, একটি ‘না’ মানেই সবসময় কোনো গল্পের শেষ নয়। প্রত্যাখ্যান পাওয়ার পর জোর না করে দূরত্ব বজায় রাখা এবং ধৈর্য ধরে অপেক্ষা করার মধ্যে এক ধরনের ভালোবাসা লুকিয়ে থাকে। সময় মানুষের মন ও দৃষ্টিভঙ্গি বদলে দেয়; ব্যক্তির এই আত্মমর্যাদাপূর্ণ ধৈর্য ও সম্মান দেখে অন্য মানুষটির মনেও নতুন করে অনুভূতির জন্ম হতে পারে। ধ্বংসস্তূপ বা অবসান কখনো চূড়ান্ত শেষ নয়; বরং তা আত্মাভিমানের বিসর্জন। যখন পাওয়ার আশা বা পাওয়ার দাবি সম্পূর্ণ ছাই হয়ে যায়, ঠিক তখনই ভালোবাসার প্রকৃত ও পবিত্র সত্তার জন্ম হয়—যা চিরন্তন এবং নিঃশ্বাসের চেয়েও বেশি সত্য।
মুহাম্মদ আল ইমরান।
